পথে পথে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আনন্দ উপভোগ করতে যাঁরা বাস-মিনিবাস বা প্রাইভেট গাড়িতে যাচ্ছিলেন স্বজনদের কাছে, যাঁরা বের হয়েছিলেন নৌভ্রমণে, তাঁরা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি সামনে মৃত্যুদূত অপেক্ষা করে আছে। ঈদের আগে ও পরে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৬৪ জন মানুষের প্রাণহানি, পদ্মা ও যমুনায় নৌকাডুবিতে আরও ১৭ জনের মৃত্যুর সঙ্গে যোগ হয়েছে গতকাল ট্রেনের ধাক্কায় ১১ জন বাসযাত্রীর নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা।
ঈদের আনন্দের মাঝে এই বিষাদের চিত্র কি এড়ানো যেত না? অবশ্যই এড়ানো যেত যদি চালকেরা, যাত্রীরা আরেকটু সজাগ হতেন। সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি, এই সত্যটি অনেকেই মানতে চান না। বেশির ভাগ ক্ষেত্রে চালকদের অসতর্কতা এবং ওভারটেক করার কারণেই সড়ক-মহাসড়কে দুর্ঘটনা ঘটে। আর মন্ত্রী মহোদয় যখন গরু-ছাগল চিনলেই চালকদের যান চালানোর সনদ দেওয়ার পরামর্শ দেন, তখন দুর্ঘটনা এড়ানো অসম্ভব হয়ে পড়ে। আর বর্ষা মৌসুমে ভরা পদ্মা ও যমুনায় নৌকা, হোক সে ইঞ্জিনচালিত বা সেকেলে মাঝিদের ক্ষেত্রে তো কোনো লাইসেন্সেরই বালাই নেই। সবকিছু চলে ফ্রি-স্টাইলে।
গতকাল ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় বিয়ের যাত্রীবোঝাই বাসের ১১ জন মানুষের মৃত্যুর ঘটনাটি দায়িত্বে অবহেলার প্রকৃষ্ট উদাহরণ ছাড়া কিছু নয়। রাত তিনটায় যখন একটি বিয়ের যাত্রীবাহী বাস বারোবাজার রেলক্রসিং পার হচ্ছিল, তখন সৈয়দপুর থেকে আসা খুলনাগামী ট্রেনটি এসে ধাক্কা দিলে ১১ জনের প্রাণহানি ও ৪০ জনের আহত হওয়ার ঘটনা ঘটে। সে সময় দায়িত্বরত দুই গেটম্যানের কেউ উপস্থিত ছিলেন না এবং রেলক্রসিংয়ের গেটটিও ছিল খোলা। একে কী বলা যায়? দুর্ঘটনা না হত্যাকাণ্ড? কেবল বারোবাজার নয়, বাংলাদেশের বহু ক্রসিংয়ের গেটম্যানরা এ ধরনের দুর্ঘটনার কারণ হলেও তাঁদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। আর এই বিচারহীনতাই যে দুর্ঘটনার হার বাড়িয়ে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।
তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া এবং শাস্তিই পথে পথে মানুষের মৃত্যুর মিছিল থামাতে পারে। অন্য কিছু নয়।